Skip to main content

বিষাদগাথা । অবিন সেন














 বিষাদগাথা । অবিন সেন


এসো সুবাতাস, এসো চৈত্র রাতের হাওয়া                    
জলের মুকুরের কাছে এসে দ্যাখো
চাঁদের মুখের কাছে বসে ডাকে জল

ছলাৎ ছল ছলাৎ ছল...

কোনও একদিন এমনি নামতা ছিল 
নামতা পড়ার ছল
বেলা পড়ে আসার মতো গম ক্ষেতে নেমে দেখেছো হয়ত 
শোকাতুর মাঠের আলে আমি শুয়ে আছি
আমাকে মাড়িয়ে যাচ্ছে তিনটে হরিণ?
ওহো হরিণ কোথায়?
থু থু মিথ্যুক, ও যে জ্যোৎস্নার ভুত সারা রাত জুড়ে চরে...
চরাচরে আমাকে বার বার কুড়ায় আবার 
ফেলে আসে ওই মাঠের পারে সাঁকো ভাঙা নদীর কিনারে,
জানে, তো আমি জল ভালোবাসি,
ভালোবাসি গড়িয়ে যাবার শুকিয়ে যাবার খেলা,
তাই হয়ত হরিণ বাড়ির অঙ্ক ফেলে আমাকে বার বার
ধাক্কা দিয়ে ফেলে দিতে আসো?

জানি যদিও ফেলে দেওয়াই সহজ
বরং কুড়াতে গেলে আধেক জীবন বেড়ার ধারে 

নষ্ট ফষ্ট গরুর পায়ে মাড়িয়ে যাবার মতন

তিল তিল করে ত্বকের ভিতর, রক্তবীজের ভিতর
ছড়িয়ে পড়ে, আহা আহা নষ্ট করে কেবল,
তার থেকে ভালো স্কুলের গণ্ডির মতো ভুলে যাওয়া
বিছানা আর বালিশের মতো মিছে হয়ে যাওয়া,
টান মেরে স্মৃতি থেকে ছুঁড়ে ফেলে দাও দিগন্তরেখায়...
খোয়াবের সমস্ত আস্কারা থেকে আমাকে ফেলে দাও
আগুন কুণ্ডের মধ্যে আর দূরে দাঁড়িয়ে দ্যাখো,
মানুষের রক্তবীজ, যৌবন, বীর্য সব কেমন ধুলোর মতন
গুঁড়ো গুঁড়ো পাপ আর পাপের খল খল হাসি 
সহ্যের সীমার কাছে কেমন চুপ করে বসে থাকে


তার থেকে একদিন নষ্ট বল্কল পরে 
অরণ্যের কাছে চলে যাবো, আর চাবুক হাতে 

নিজেকে সপাং সপাং চাবুক মারতে মারতে বলব

দ্যাখো সূর্যকে নীল-ডাউনে রেখে কেমন নিজেকে 
বিক্রি করে দিতে পারি, কেমন খুলে দিতে পারি
চাহিদার সমস্ত নোঙর, নত মস্তক তবু বোলো না আমায় !


আজ আর কিচ্ছু ভালো লাগে না,
শুধু ইচ্ছা করে বিছানায় শুয়ে শুয়ে ভাবি...

এতো দিন যা সঞ্চয় করেছি তা কেবল ক্ষত,

বিষ আমার সারা শরীরে ছড়িয়ে গিয়ে 
কেবল নষ্ট করেছে ভালোবাসা
আমি ভালোবাসার কাছে ক্ষত বিক্ষত হয়ে শুয়েথেকেছি 
আর একটার পর একটা দেশলাইকাঠি জালিয়ে 
শুধু উল্কি ফুটিয়েছি
তুমি তো জানো পোড়া মাংসের নেশা?

সেদিন ছাদের রেলিঙের উপর সারারাত হেঁটেছি,
না, কোনও গাঁজার নেশা ছিল না আমার

শুধু রাস্তার ওপারে ঝুল বারান্দায় ও বাড়ির বউটির 
বুক থেকে আঁচল খসে গিয়েছিল একবার, 
একবার পিছন থেকে কেউ জড়িয়ে ধরে 
চুমু খেয়েছিল তাকে,
অচেনা ছেলেটি কি তার বর?
আমি শুধু দেখছি চাঁদের আলোয় ওদের
ত্বক পুড়ে গিয়েছে
অসভ্যের মতো ওরা হাহা করে চিৎকার করে উঠেছে,
আর আমি রেলিঙে দাঁড়িয়ে দু হাত মেলে দিয়েছি 
এই দ্যাখো আমি এখুনি হেলিকপ্টার হয়ে এই ছাদ থেকে 
ওই ছাদে উড়ে যাবো, উড়ে উড়ে দেখব চাঁদের মুখ কেমন
মর্গের মৃতের মুখের মতো...কিংবা
খাণ্ডব দহনের মতো দাউ দাউ করে জ্বলছে
বেশ্যাবাড়ির চাঁদ
এসো এসো তবে আমাকে ঠেলা দাও...


গণিকাগমনের মতো মিথ্যাচারে তোমাকে ভালবেসেছি
তবে না আমাকে পুড়তে দাও চাঁদের কাছে, 

শুধু পুড়তে পুড়তে একবার দেরাজের কাছে দাঁড়াব,

তোমার যাবতীয় নিভৃত গল্প- 
আজো তো রেখেছি তেমনি দেরাজে,
অনন্ত অন্ধকার থেকে আনত উঁকি দেয় স্কুল-বাড়ি
প্রিজন ভ্যানের মতো কোনও জাল-দেওয়া গাড়ি
আমার দগ্ধ শরীর বয়ে নিয়ে যাবে,
ভুট্টা ক্ষতের ভিতর দিয়ে, 
সেখানে লাল ফিতে বাঁধা দু-বেণী মাথায় কিশোরী এক
খেলা করে, বটের ছায়ায় মনোরম পৃথিবীর গল্পের মতো
রেডিও বাজে, আর অহরহ ঋতু পরিবর্তন হয় সেখানে,
অতঃপর গুমখুন করার আনন্দে আমি ঢুকে পড়ি মর্গে।



Popular posts from this blog

রোদজাতক-৭ ৷৷ রত্না সোম

রোদজাতক-৭ ৷৷ রত্না সোম চিরকাল শুধু সংখ্যা আমরা চিরদিন পদাতিক তোমরা দিয়েছ গালভরা নাম পরিযায়ী শ্রমিক। ঘর ছিল এক ঠিক ঘর নয় খিদে সেখানেও বালাই পেটসন্ধানী এ অলি ও গলি হাড় ভেঙে জোটে ছাই। সেও কি জোটে ! তেনার মর্জি লক্ আউট আর ডাউন ভবিতব্যের এ পিঠ ও পিঠ আমিই বনেছি ক্লাউন। মরার অনেক অপশন তবু নাছোড় চেষ্টা বাঁচার করোনা এড়ালে থাবা পেতে আছে নিশ্চিত অনাহার। গাড়ি চাপা আছে , আছে ঘুমন্ত বুক পিষে যাওয়া রেলে এমন কত কি মরেই তো রোজ মশা মাছি এলেবেলে! মরলে সংখ্যা শহীদ হয় না বরং হিসেবে কমে দরদী ভাষণে বাহারি প্যাকেজ নাটক দিব্বি জমে। প্রশ্ন এটাই হেঁটে আসি কেন রাস্তায় রেলপথে টাকার পেটোয়া "বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে ।" কি পেলে আর কি কি না পেলে রাস্তাই অবশেষ কোনদিন তুমি বুঝবে না ঠিক সভ্য লোকের দেশ। হাড়ে হাড়ে কত দাগ জমে আছে সব ক্ষত চাবুকের একদিন পেশী স্বাদ বুঝে নেবে চাওয়া পাওয়া গতিফের। পাপকে জমাও আরো ঘন হোক বিস্ফোরণের আগে খাও পিও আর মৌজ করে নাও যদি ভলক্যানো জাগে --- পুড়বে ডানার স্বস্তি পুড়বে বাসার আলোও ঠিক সভ্যতা ফের গড়তে লাগবে পরিয...

রোদজাতক-৬ ৷ রত্না সোম

রোদজাতক-৬ ৷৷ রত্না সোম রোদজাতক-৬  স্পষ্ট বললে - আরও কতগুলো যুদ্ধজাহাজ ঢেউয়ের দিকে অস্ত্র তাক করে বসে থাকত। স্পষ্ট করে বললে -  পারমাণবিক গবেষণাগারে বন্দি বিজ্ঞানের পিঠে চাবুক কষিয়ে আদায় করে নেওয়া হত আরও মারাত্মক কোন বিস্ফোরণ । স্পষ্ট কথা বললে - সীমান্তে কাঁটাতারের মুখ রক্ত দিয়ে লাল রঙ করে নেওয়া হত বিপদ সংকেত । স্পষ্ট ভাষায় বললে -  সব আকাশের ডানা ছেঁটে দিয়ে খাঁচায় পোষ মানানোর টুকরো কবিতা লিখতে বাধ্য করা হত। স্পষ্ট অক্ষরে বিঁধলে - সমস্ত পাঠশালাদের দু চোখে বেঁধে দেওয়া হত অন্ধত্বের নাম নিশানা । স্পষ্ট সুরে গাইলে - সব গানের টুঁটি চেপে ধরে শ্বাসরোধ করে মেরে ফেলার চেষ্টায় ভালরকম বুঝিয়ে দেওয়া হত আর্তনাদ কাকে বলে । স্পষ্ট হাতের লেখায় লিখলে -  সব কাগজ কালি কলমের বিরুদ্ধে বিশেষ আদালত বসানো হত -  স্পষ্ট প্রোগ্রামিং ঘেঁটে ঘ করে কম্পিউটারকে যে কোন সময় নির্বোধ বানিয়ে দেওয়াকে মানবিক অধিকারের তকমা পরানো হত। স্পষ্ট শ্লোগানকে বিনা বিচারে কয়েদ করে রাখার জন্য আনা হত নতুন আইনের হা হা হা হা - তাই ঘুমের মধ্যে স্বপ্নের মত কুয়াশার সবকিছু অ...

ফাইনম্যান।। দোলনচাঁপা দাশগুপ্ত

ফাইনম্যান।।  দোলনচাঁপা দাশগুপ্ত "আসুন স্যার । দাঁড়ান, অন্ধকার । মোবাইলের টর্চটা জ্বালাই। অজিতেশ অবাক । এমন ঘুপচি সিঁড়ি দিয়ে মানুষ চলাফেরা করতে পারে ? কিন্তু কী করবে ! দেহোপজীবিনীর সস্তা ডেরায় আসতে গেলে তো অন্ধকার গলিগালা পেরোতেই হয় খরিদ্দারদের। সে না হয় এসেছে অন্য কাজে। সঙ্গে স্ত্রী । দুজনেই ডাক্তার। সোশ্যাল ডিসট্যান্সিংয়ের কথা আলোচনা করতে করতেই পায়েলের বুকটা মোচড় দিয়ে উঠেছিল। "হ্যাঁ গো, ওদের চলবে কীভাবে?" শহরের বিখ্যাত এন্ডোক্রিনোলজিস্ট অজিতেশ । রোগীর অন্তঃক্ষরা গ্রন্থির হাল হকিকত বুঝে ফেলে মুহূর্তে ।কিন্তু স্ত্রীর প্রশ্নের উত্তর খুঁজে পেল না।দিনের মধ্যে পঞ্চাশবার হাত ধুচ্ছে, স্যানিটাইজার মাখছে ভাইরাসের ভয়ে। এখন যৌনকর্মীদের কাছে কেউ আসবে না। স্বাভাবিক । না খেতে পেয়েই ক্রমশ মরে যাবে ওরা। নিশ্চুপে। খিদে না ভাইরাস কোনটা বেশি খতরনাক গুলিয়ে গেল অজিতেশের। পায়েল একরোখা। একবার মাথায় ঢুকেছে মানে যাবেই। "ছাড়ো তো ! ওসব এনজিও মারফত টাকা দেওয়ার মানে হয় না । নিজেরাই যাই চলো। হাজার পাঁচেক টাকার চাল ডাল কিনে নিয়ে যাই। আর কিছু ওষুধ, মাস্ক।" এতকাল ফেমিনিস্ট বলে ...